ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জের ধরে বাবা-ছেলের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ, গুলি, দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। সে সময় ছেলের গুলিতে বাবা খোকা মিয়া গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন।আহত খোকা মিয়া উপজেলার জমিরদিয়া গ্রামের মাস্টার বাড়ি এলাকার আব্দুল মিয়ার ছেলে।
রবিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার জামিরদিয়া নারিশ কারখানার গেইট এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ততা (ওসি) জাহিদুল ইসলাম বাবা ও ছেলের মাঝে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা খোকা মিয়া ধানের শীষের প্রার্থীর সমর্থক ছিলেন। তার ছেলে তোফায়েল আহমেদ রানা ছিলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। এ নিয়ে বাবা ছেলের মাঝে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বন্ধ থাকা নারিশের মোড়ের রাজনৈতিক কার্যালয়ে খুলে বসেন ছেলে তোফায়েল আহমেদ রানা। বিষয়টি বাবা খোকা মিয়া দেখতে পেয়ে তার ছেলেকে কার্যালয় বন্ধ করতে বলেন। এ নিযে বাবা ছেলের মাঝে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছেলে তোফায়েল আহমেদ রানা বাবাকে লক্ষ্য করে গুলি করেন ও তার সঙ্গীরা বাবার সঙ্গে আসা খোকন মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় দলীয় কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার টেবিল ভাংচুরের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ কমপ্লেক্সে পাঠায়। এসময় গুলিবিদ্ধ খোকা মিয়াকে গুরুতর আহত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খোকা মিয়া বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বাবা ছেলের সংঘর্ষের ঘটনায় দু'জন আহত হয়েছে। তাদের মাঝে খোকা মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।