ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের এক অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি প্রাইভেটকার জব্দ এবং এক যুবককে আটক করা হয়েছে।
আটক যুবক হলো মো. রাকিব (২৩)। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা গ্রামের মো. আজিজুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ভালুকা পৌর সদরের কাঁঠালী বাগরাপাড়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ভরাডোবা হাইওয়ে থানার একটি টহল দল অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-২৩৪০) থামিয়ে পুলিশ তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে অবৈধভাবে পরিবহনকৃত ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, উদ্ধার হওয়া মদের মধ্যে ব্ল্যাক (৭৫০ মিলি) ১৬ বোতল, এসি ব্ল্যাক (৩৭৫ মিলি) ৩০ বোতল এবং ম্যাকডাওয়েলস নং-১ লাক্সারি (৭৫০ মিলি) ৪৪ বোতল রয়েছে। এসব মদের পরিমাণ ৫৬ দশমিক ২৫ লিটার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মদ ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।