টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী সরকারি সা'দত কলেজের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও অ্যালামনাই সম্মিলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) ক্যাম্পাসের সবুজ চত্বরে দিনব্যাপী এই আয়োজনে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় এক আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে রঙিন বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী পর্বে বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক, অবসরপ্রাপ্ত শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, অর্থনীতি বিভাগ বরাবরই সা'দত কলেজের অন্যতম সমৃদ্ধ একটি বিভাগ। এখান থেকে পাশ করে যাওয়া শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সফলতার সঙ্গে অবদান রাখছেন।
স্মৃতিচারণ পর্বে সাবেক শিক্ষার্থীরা তাঁদের ছাত্রজীবনের দিনগুলো, আড্ডা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কের স্মৃতিকথা তুলে ধরেন। বহুদিন পর বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুতও হয়ে পড়েন।দিনব্যাপী এই উৎসবের মূল আকর্ষণ ছিল— অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষক ও অ্যালামনাইদের সম্মাননা স্মারক প্রদান, বিভিন্ন সেশনের সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতার গল্প ও পুরোনো দিনের স্মৃতিকথন।
অর্থনীতি বিভাগের ১৯৮৭-৮৮ সেশনের শিক্ষার্থী একরামুল হক খান তুহিন বলেন, আজ থেকে প্রায় ৩৫ বছর আগে এই ক্যাম্পাস থেকে বিদায় নিয়েছিলাম। এক সময় এই ক্যাম্পাসের আনাচে-কানাচে আমাদের বিচরণ ছিল। দীর্ঘদিন পর সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকেছি। চোখের সামনে দিয়ে কতশত পূর্বস্মৃতি ছিন্ন ভিন্ন মেঘের মতো উড়ে গেল! পুরোনো বন্ধুরা মিলে মুহূর্তের জন্য চলে গিয়েছিলাম সেই হারানো দিনের স্মৃতির সাগরে।
এ ছাড়া সারাদিন ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত ছিল প্রাক্তন শিক্ষার্থীদের আনাগোনা, সহপাঠী ও প্রিয় শিক্ষকদের সঙ্গে মুঠোফোনে সেলফি তোলা এবং আড্ডাবাজিতে। বিকেলে কলেজ অডিটোরিয়ামে রাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।
আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মো. শরিফ ইস্পাহানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ ওমর আলীর সভাপতিত্বে ড. মো. ছাইফুল মালেক আনছারী, অধ্যাপক মোহাম্মদ সাজেদুল মোনায়েম, অধ্যাপক মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।