ছবির ক্যাপশন:
শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় ধনবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুস্থ জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
ধনবাড়ী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন খানের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধনবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইব্রাহিম হোসাইন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুরুজ্জামান লিপু, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিব, উপজেলা ছাত্রদলের নেতা সাকিব, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হীরা এবং উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করেন এবং ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।
ধনবাড়ী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন খান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।