ঢাকা | 23 September 2026

গোড়াই-সখীপুর-সাগরদীঘি সড়ক: ঝোপঝাড়ে দখল করেছে ফুটপাত, বাড়ছে দুর্ঘটনা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 23, 2026 ইং
ছবির ক্যাপশন: সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী এলাকা থেকে তোলা ছবি ছবির ক্যাপশন: সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী এলাকা থেকে তোলা ছবি
ad728
সাইফুল ইসলাম সানি
সড়কের দু'পাশে সবুজ ঝোপঝাড়। বর্ষার বৃষ্টিতে লতাগুল্মের চকচকে সবুজ পাতায় বিচ্ছুরিত জলকণা আর রোদের ঝলকানি আপাত দৃষ্টিতে এক নয়নাভিরাম দৃশ্য। কিন্তু এসব ঝোপঝাড় সড়কের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বাড়িয়েছে দুর্ঘটনার সংখ্যাও। অবাঞ্ছিত এসব ঝোপঝাড় দখলে নিয়েছে সড়কের দু'পাশের পায়ে হেঁটে চলার পথ। ঝোপঝাড়ের কারণে অপরপ্রান্তের যানবাহন দেখতে না পাওয়ায় সড়কের বাঁকে বাঁকে ঘটছে দুর্ঘটনা। গত কয়েক বছর ধরে এমন অবস্থার সৃষ্টি হলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরের মতই উদাসীন ভূমিকায়। 

সরেজমিনে সখীপুর-গোড়াই ও সখীপুর-সাগরদীঘি সড়ক ঘুরে দেখা গেছে, টাঙ্গাইলের সখীপুর থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানে দু'পাশে নানা ধরনের আগাছায় জন্মে ঝোপঝাড় তৈরি হয়েছে। এ ছাড়া সখীপুর থেকে সাগরদীঘি পর্যন্ত ২০ কিলোমিটার সড়কেরও একই অবস্থা। স্থানীয়রা জানান, তিন দশক আগে সড়কটি পুনঃনির্মাণের সময় দু'পাশে শিশু (শিংশপা), মেহেগণিসহ নানা প্রজাতির গাছ লাগানো হয়। এরপর কয়েক ধাপে সড়কটির পিচঢালা অংশের প্রশস্ততা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু সড়কের দু'পাশের পায়ে হাঁটার পথ বাড়ানো হয়নি। ফলে সড়কটির মূল পিচঢালা অংশ দিয়েই পথচারীরা ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে চলাচল করছে। 

এ ছাড়া সড়কের অধিকাংশ জায়গায় দু'পাশে প্রাকৃতিকভাবে আগাছা জন্ম নিয়ে দখলে নিয়েছে ফুটপাত। ফলে একদিকে পথচারীদের পিচঢালা পথ দিয়ে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে, ফলে প্রায়শই বড় যানবাহনগুলো ছোট যানবাহনকে এবং ছোট যানবাহনগুলো পথচারীদের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটছে। এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। অন্যদিকে গাড়ি চালাতে গিয়ে একপাশ থেকে রাস্তার অন্য পাশ দেখা না যাওয়ায় সড়কটির বাঁকে বাঁকে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

গত কয়েক বছরে এমন দুর্ঘটনা সংখ্যা অগণিত। এরমধ্যে উল্লেখযোগ্য, গত ২০২২ সালের ২৩ জুন দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী শামীম আল মামুন মোটরসাইকেল নিয়ে নলুয়া থেকে বাড়ি (বোয়ালী) ফিরছিলেন। নলুয়া বাজারের উত্তরপাশে আড়ালিয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মূলত সড়কের পাশের ঝোপঝাড়ের কারণেই ওই স্থানে নিয়মিত দুর্ঘটনা ঘটে। 

চলতি বছরের ২০ আগস্ট সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী এলাকায় নিহত হন ইমু আক্তার (২৫) নামের এক নারী। বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনি ছিটকে পড়েন। এ সময় অজ্ঞাত একটি ট্রাক তাঁকে পিষ্ট করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা এই দুর্ঘটনাটিকেও সড়কের দু'পাশে ঝোপঝাড়ের কারণে মূল সড়কের প্রশস্ততা কমে যাওয়াকে দায়ী করেন। 

গত ২৯ জুলাই একই সড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের উত্তরপাশে পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশা একটি অটোভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে চালক ফেরদৌস (২৫) ভ্যানগাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে সিসিটিভিতে দেখা যায়, ফেরদৌসের বা'পাশে ঝোপঝাড় থাকার কারণে সাইড দিতে পারেনি। এভাবেই সড়কটিতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। 

ওই সড়কে নিয়মিত চলাচলকারী প্রাইভেট-কার চালক জাহিদুল ইসলাম বলেন, সড়কের দু'পাশে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছগাছালির ঝোপঝাড়ে সড়ক ছেয়ে গেছে। তাই প্রায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই আগাছাগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজন। এদিকে, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সম্প্রতি সখীপুর উপজেলা ছাত্রদল ঝোপঝাড় পরিস্কার কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু দুএকদিন কাজ করে অজানা কারণেই তা থেমে গেছে।

এ বিষয়ে সখীপুর সরকারি কলেজের প্রভাষক মো. আলীম মাহমুদ বলেন, বর্ষাকালে আগাছাগুলো আপনা-আপনি বেড়ে ওঠে। কিন্তু এসব পরিষ্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়েনি। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকেও এ বিষয়ে কখনও 
উদ্যোগ নিতে দেখা যায়নি। তিনি যোগ করেন, গত কয়েক দশকে‌ বেশ কয়েকবার সড়কটির শুধু পিচঢালা অংশ প্রশস্ত করে ফুটপাতের প্রশস্ততা কমানো হয়েছে, ফলে ছোট যানবাহন ও পথচারীদের জন্য বর্তমানে সড়কটি অনিরাপদ হয়ে গেছে। 

। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ