মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন দেশে কোনো মাদকের কারখানা নেই উল্লেখ করে পরিকল্পিতভাবে মাদকের মাধ্যমে বাংলাদেশের যুবসমাজকে ধ্বংস করে দিতে চায় আশেপাশের দেশগুলো।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে আয়োজিত ‘মুহসীন হল আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই টুর্নামেন্টের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদল।
এছাড়া এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও মুহসীন হলের প্রতি নিজের আবেগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এই হল আমাদের আবেগের জায়গা। বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হয়ে এই হলেই উঠেছি এবং রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেছি।’
এ সময় তিনি মুহসীন হলের মাঠের বর্তমান বেহাল দশা নিয়ে হতাশা প্রকাশ করেন এবং মাঠ সংস্কারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হল প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতি ধারণ করেন। এই দেশপ্রেম বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বদরবারে পরিচিতি লাভ করব।’
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিক্ষার্থীদের কেবল পড়াশোনা ও চাকরি পাওয়ার চিন্তায় সীমাবদ্ধ না থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘চব্বিশের বাস্তবতার পরবর্তী সময়েও আমরা আমি মনে করেছিলাম এ বাংলাদেশে একটি সাংস্কৃতিক এবং ক্রীড়া জগতে পরিবর্তন আসবে, তা সেভাবে হয়নি। তরুণ প্রজন্ম এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বুঁদ হয়ে আছে। অথচ ইউরোপ-আমেরিকার মতো উন্নত রাষ্ট্রগুলোতে তরুণদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় বেশি জোর দেয়া হয়। কিন্তু আমাদের এখানে সেই কালচারটা সেভাবে নেই।’
শিক্ষার্থীদের মানবিক বিকাশের তাগিদ দিয়ে ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শুধু পড়াশোনা করে একটা চাকরি নেয়ার জন্য আসিনি। নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অনুজদেরও খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মানুষের কল্যাণে নিয়োজিত হতে উদ্বুদ্ধ করতে হবে। অন্য ক্ষেত্রগুলোতেও আমাদের অবদান রাখতে হবে।