টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ঘুমন্ত দম্পতিকে বাইরের শিকল আটকে দিয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন চারপাশে ছড়িয়ে পড়লে টিনের বেড়া কেটে বের হয়ে ওই দম্পতি প্রাণে বেঁচে গেছেন। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালা এলাকায় লাল মিয়ার (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে লাল মিয়া গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভুক্তভোগী লাল মিয়া জানান, রাতে তাঁর স্ত্রী হঠাৎ ঘরের চারপাশে আগুন দেখে তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন। এ সময় তাঁরা ঘরের বাইরে বের হওয়ার জন্য দরজা খুলতে গেলে বুঝতে পারেন, বাইরে থেকে শিকল লাগানো। এরই মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং পেট্রোলের গন্ধ ও ধোঁয়ায় ঘর অন্ধকার হয়ে যায়। পরে ঘরে থাকা দা দিয়ে টিনের বেড়া কেটে স্ত্রীকে নিয়ে লাল মিয়া বাইরে বের হন। এ ঘটনায় আহত হয়ে লাল মিয়া সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। লাল মিয়ার স্ত্রী বেগম আক্তার (৪৫) অভিযোগ করে বলেন, জমি নিয়ে স্থানীয় প্রতিবেশীর সঙ্গে তাঁদের বিরোধ চলমান। কয়েক দিন আগেও তাঁরা তাঁর স্বামীকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান জানান, আগুনে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা নিঃস্ব হয়ে পড়েছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার দাবি জানান তিনি। সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গ্রুপ লিডার সোহেল রানা জানান, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।