টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে দিনব্যাপি গণশুনানিতে জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। তিনি বুধবার (১১ নভেম্বর) গণশুনানি অনুষ্ঠানে বিভিন্নজনের অভিযোগ ও সমস্যা শুনে প্রতিকারের নির্দেশনা দেন সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
গণশুনানিতে টাঙ্গাইলের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩৮ জন সেবাপ্রত্যাশী সশরীরে উপস্থিত হয়ে তাঁদের ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যা,অভিযোগ এবং বিভিন্ন আবেদন জেলা প্রশাসক মহোদয়ের কাছে তুলে ধরেন।এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ অত্যন্ত মনোযোগ সহকারে আগত সেবাপ্রত্যাশীদের বক্তব্য শোনেন এবং তাঁদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে যথাযথভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সাধারণ মানুষের অভিযোগ ও বিভিন্ন সমস্যার সরাসরি শুনানি গ্রহণ, দ্রুত প্রতিকার নিশ্চিতকরণ এবং সরকারি সেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গণশুনানি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে বলে জানানো হয়।