টাঙ্গাইলের সখীপুরে একটি পালা গানের আসরে নারী শিল্পী দেওয়ান বাবলী সরকারকে অশালীন মন্তব্য করায় বাউল কবি শাহ আলম সরকারকে লাঞ্ছিত করেছে স্থানীয় জনতা। আজ সোমবার ভোরে উপজেলার লাঙ্গুলিয়া সলিমুদ্দিন পীরের বাড়িতে বাৎসরিক ওরস মাহফিলে গান চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের রোষানলের মুখে গানের আসর ছেড়ে শাহ আলম সরকার চলে যেতে বাধ্য হন। আজ সোমবার বিকেলে শাহ আলম সরকারকে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এড়িয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ওই উরসে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রোববার রাতে উপজেলার লাঙ্গুলিয়া সলিমুদ্দিন পীরের বাড়িতে বাৎসরিক ওরস মাহফিলে বাউল গানের আয়োজন করা হয়। গানের আসরে শিল্পী হিসেবে ছিলেন বাউল কবি শাহ আলম সরকার ও নারী শিল্পী দেওয়ান বাবলী সরকার। বাবলী সরকার বিলম্বে গানের আসরে যাওয়ায় শাহ আলম সরকার কিছুটা ক্ষুব্ধ ছিলেন। গান গাইতে গাইতে রাত ৪টার দিকে শাহ আলম সরকার বলেন— "বর্তমানে কিছু মেয়ে শিল্পী নেমেছে, যারা দেহ ব্যবসা করে গানের আড়ালে, এখন এদের সঙ্গে পারা যায় না"।
শাহ আলম সরকারের এমন মন্তব্যে উপস্থিত কিছু দর্শক প্রতিবাদ করেন। এ সময় ফরিদ হোসেন নামের স্থানীয় এক বিএনপি নেতা দর্শকদের শান্ত করার চেষ্টা করেন। ফরিদ হোসেন তাঁর মাইক্রোফোন নিয়ে শিল্পী শাহ আলম সরকারকে বলেন, এটি একটি মারফতি জলসা। শাহ আলম ভাই (শাহ আলম সরকার) আপনার কাছ থেকে আমরা এ রকম ভাষা আশা করি না। দয়া করে আপনার ভাষাটা এখানেই প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করুন।
এ সময় শিল্পী শাহ আলম সরকার দুঃখ প্রকাশ করতে রাজি না হওয়ায় উপস্থিত দর্শকেরা উত্তেজিত হয়ে তাঁকে লাঞ্ছিত করেন। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সোমবার বিকেল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাউল গান প্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ওই উরস মাহফিলে উপস্থিত শরিফুল ইসলাম নামের এক বাউল গান প্রেমী জানান, গানের শুরু থেকেই দুইজন শিল্পী একে অপরের প্রতি বেশ ক্ষিপ্ত মনোভাব প্রকাশ করেছেন। ফলশ্রুতিতে সবশেষে ছোটখাটো একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে।
এ বিষয়ে উরসে উপস্থিত উপজেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ বলেন, গানের শেষের দিকে একপর্যায়ে শাহ আলম সরকার তাঁর প্রতিদ্বন্দ্বী নারী শিল্পীকে নিয়ে অশালীন একটি মন্তব্য করে ফেলেন। এতে স্থানীয় জনতা তাঁকে লাঞ্ছিত করার জন্য এগিয়ে যান। এ সময় আমরা বিষয়টি মীমাংসা করে দিয়েছি। সেখানে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বক্তব্য নিতে দুই শিল্পীর সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা হলে তাঁদের কাউকেই মোবাইল ফোনে পাওয়া যায়নি।