টাঙ্গাইলে শিশু সাংবাদিকতায় ‘হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের’ উদ্যোগে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শনিবার টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়াম এ কর্মশালা শুরু হয়। কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে। বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় দৈনিক টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তাক হোসেন, সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেমায়েত হোসেন হিমু, দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক, নাগরিক টিভি, জাগো নিউজ ও ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার চিফ রিপোর্টার শহিদুল ইসলাম ও রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন। প্রধান অতিথি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে বলেন, শিশুদের সমস্যাগুলো শিশুরা যেভাবে উপলদ্ধি করবে, অন্যরা তা পারবে না। তাই শিশুদের সাফল্য ও সমস্যার নানা দিকগুলো সততা ও নিষ্ঠার সঙ্গে তুলে ধরার জন্য শিশু সাংবাদিকদের প্রতি আহবান রইল। শিশুরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে, মোবাইল ফোনের ভালো দিকগুলোর পাশাপাশি খারাপ ও ক্ষতিকর বিষয়গুলোর দিকে শিশুরা বেশি ঝুঁকে পড়ছে এ ব্যাপারে সজাগ থাকা। বিশেষ করে বাল্য বিয়ে, শিশু শ্রম ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর বিরুপ প্রভা নিয়ে শিশু সাংবাদিকরা তাদের অনন্য ভূমিকা রাখতে পারবে। এসময় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সিনিয়র সাংবাদিক আফরিন মিম। তিনি প্রশিক্ষণার্থীদের শিশু অধিকার, শিশু সাংবাদিকতার ধারণা, টেক্সট সংবাদ লেখা, ভিডিও সংবাদ তৈরি ও শিশু সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করেন। কর্মশালায় টাঙ্গাইল সদরের বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ, জাহৃবী উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহন করে।