টাঙ্গাইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১১ টার দিকে শহরের সিটি বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকার ছানোয়ারের ছেলে ফাহিম (২২) এবং একই এলাকার কাইয়ুম খানের ছেলে স্বাধীন খান (২০)।
স্থানীয়রা জানায়, নিরালা মোড় থেকে মোটরসাইকেল নিয়ে বটতলার দিকে যাচ্ছিল স্বাধীন ও ফাহিম নামের দুই যুবক। পথিমধ্যে সিটি বাজার মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এসময় স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এসময় দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।