টাঙ্গাইলের রাজনীতিতে উন্নয়নের নতুন ইস্যু হিসেবে উঠে এসেছে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সাত দফা দাবি। নির্বাচনী জনসভায় এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি ঘোষণা না এলেও, টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি যে বাস্তবায়নের তালিকায় রয়েছে, সে ইঙ্গিত স্পষ্ট করে মিলেছে তাঁর বক্তব্যে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে টাঙ্গাইল সদরের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে এবং পরদিন সরকার গঠিত হলে টুকুর সাত দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হবে।
তারেক রহমানের এই ঘোষণায় টাঙ্গাইলবাসী উচ্ছ্বসিত। চা স্টল থেকে শুরু করে অফিস-আদালতের আড্ডায় দিনভর এই দাবিগুলো নিয়ে মানুষের মধ্যে আলোচনা চলছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের অবহেলা আর উন্নয়নের অভাবে যে হতাশা ছিল, তার অবসান ঘটতে যাচ্ছে। সুলতান সালাউদ্দিন টুকুর যোগ্য নেতৃত্বে টাঙ্গাইল শুধু স্বপ্নের মধ্যে আটকে থাকবে না; পরিকল্পনা ও আন্তরিকতার মাধ্যমে প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যাবে।
এর আগে টুকু সাত দফা দাবির মধ্যে উল্লেখ করেন যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলের জন্য স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা এবং মাহমুদনগর ও কাশিনগর এলাকায় দুটি সেতুর নির্মাণ। করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শক্তিশালী ইকোনমিক জোন গঠন এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি তোলে তিনি। এছাড়া টাঙ্গাইলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক হাসপাতাল স্থাপনের কথাও উল্লেখ করেন।
তাঁর অন্যতম দাবি ছিল, জনসংখ্যা, আয়তন ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর করা। দীর্ঘদিন ধরে দাবি হলেও অবহেলিত এই দাবিকে নগর উন্নয়নের প্রথম ধাপ হিসেবে দেখছেন স্থানীয়রা।