ছবির ক্যাপশন:
টাঙ্গাইলের বাসাইলে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় সজীব (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে বাসাইল পৌরসভার শহীদ মিনারসংলগ্ন ফাঁকা জায়গা থেকে তাঁকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত সজীব বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কালা চানের ছেলে।
পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনার সময় পৌর এলাকার শহীদ মিনার এলাকা থেকে সজীবকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে সজীবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
বাসাইল থানার কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।