ঢাকা | 15 July 2026

ভালুকায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার লোহাবৈ এ. এইচ. সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেদুয়ারী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক এস. এম. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আলী আমজাদ দপ্তরী। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করার কোনো বিকল্প নেই। এজন্য কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিয়ে প্রতিরোধ, পরিবার পরিকল্পনা এবং সঠিক বয়সে বিয়ে ও সন্তান গ্রহণ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। বর্তমান প্রজন্মকে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজিব বলেন, পরিবার পরিকল্পনা শুধু সন্তান জন্মনিয়ন্ত্রণের বিষয় নয়; এটি সুস্থ, সচেতন ও পরিকল্পিত পরিবার গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিশোর-কিশোরীদের সঠিক তথ্য প্রদান করা গেলে তারা ভবিষ্যতে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে সক্ষম হবে।

এ সময় উপস্থিত ছিলেন মেদুয়ারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম খান, লোহাবৈ এ. এইচ. সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান। 

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পুষ্টিকর খাদ্যাভ্যাস, বাল্যবিয়ে প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য এবং পরিকল্পিত পরিবারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, শিক্ষিত ও জনসংখ্যাগতভাবে ভারসাম্যপূর্ণ সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্র ও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী ও উপকারী বলে অভিমত প্রকাশ করেন।#



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ