টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা (র্যাবিস ভ্যাকসিন) প্রদান বন্ধের ঘোষণা দিলেন স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নূরু। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদের সামনেই তিনি এ ঘোষনা দেন। এতে করে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফর রহমান ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত রোগী ও স্বজনদের সামনে নুরু জানান, হাসপাতাল থেকে আর কোন জলাতঙ্কের টিকা দেওয়া হবে না। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ তার চেয়ারে বসে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনায় এসেছিলেন নুরুল ইসলাম নুরু। গত বছরের ২৯ মে “প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন স্বাস্থ্য সহকারী নুরু" শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পর সংবাদকর্মীর স্বজনদের ওপর চাপ প্রয়োগ ও মামলার ভয়ভীতি দেখানোর অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
এর আগে বুধবার (১৩ মে) এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা প্রয়োগের অভিযোগ উঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগের প্রেক্ষিতে পরদিন স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে জলাতঙ্কের টিকা সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফর রহমান আজাদ বলেন, জলাতঙ্কের টিকা দেয়া হবে না এমন কথা আমি শুনিনি। এছাড়াও তিনি এই ঘোষনা দিতে পারেন না। এবিষয়ে আদালতে রিট হয়েছে।