টাঙ্গাইলের মধুপুরে অসহায়, হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা পরিষদের রাজস্ব খাত থেকে নগদ অর্থ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে শুকনো খাবার, ঢেউটিন ও গৃহ নির্মাণের অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে উপকারভোগিদের হাতে নগদ অর্থ ও নির্মাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
এ সময় ফকির মাহবুব আনাম বলেন, আমার মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই সামুদ্রিক এলাকার মাছ ধরার ট্রলারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্যাটালাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগের আওতায় আনার কর্যক্রম হাতে নেয়া হয়েছে। তাছাড়া দূরপাল্লার ট্রেনগুলোতে ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্কের আনা হয়েছে। প্রাধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সারা দেশের যুবক বেকার ছেলে মেয়েদে জন্য এআই ও ফ্রীল্যান্সিং প্রশিক্ষণের জন্য প্রকল্প হাতে নেয়ার কাজ চালিয়ে যাচ্ছি। এ ছাড়াও আমাদের সরকার নির্বাচনী ইসতেহারে দেওয়া প্রতিশ্রুতি পুরণ করতে শুরু করেছে।
মধুপুরের প্রশাসনকে ইন্টারনেটে জুয়ার বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আমরা সব সময় মধুপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও জুয়া মুক্ত রাখতে চাই। এরজন সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবাদুস সামাদ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান তালুকদার নান্নু প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন। এ সময় ক্ষতিগ্রস্থ ১১ জনকে দশ হাজার করে নগদ টাকা, দুজনকে ঢেউটিন ও মোট ১৩ জনের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।