ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় সারাদেশের সঙ্গে একযোগে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রতন হায়দার, উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা সজিব কান্তি পাল, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ইমরান হোসেন, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। বাড়িঘর ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অন্যদিকে, ধনবাড়ী উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ধনবাড়ী পৌর প্রশাসক দিল আফরোজ। উদ্বোধন শেষে আলোচনাসভায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুন হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো: মোকাদ্দেস আলী, ধনবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, পৌরসভার কঞ্জারভেঞ্জি ইন্সপেক্টর বিশ্বনাথ ভদ্র সহ অন্যান্যরা বক্তব্য দেন।