সমবায় কার্যক্রমকে আরও গতিশীল এবং সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মধুপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা সমবায় কর্মকর্তা মো. ইফতেখার হোসাইন খান এবং মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় প্রশিক্ষক সিপ্রা সরকার।
এ সময় উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা (পরিদর্শক) মাজহারুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে সমবায় সমিতির সার্বিক ব্যবস্থাপনা, কার্যক্রম পরিচালনা, সদস্যদের অধিকার ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। একই সাথে সমিতিগুলোকে আরও কার্যকর, গতিশীল ও জবাবদিহিমূলক করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
টাঙ্গাইল জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট কর্মশালাটি পরিচালনা করে। আয়োজকেরা জানান, সমবায় আন্দোলনকে জোরদার ও সদস্যবান্ধব করতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।