টাঙ্গাইলের সখীপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সখীপুর আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের বিতর্কের বিষয় ছিল— ‘আইন নয়, সামাজিক সচেতনতা সৃষ্টিই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়।’
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুর রউফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।