বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে টাঙ্গাইলের মির্জাপুরে এক নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার জনাব তাহলিমা জান্নাত। সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও নির্বাচনী ইশতেহারের মূল লক্ষ্যগুলো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত বলেন, "সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সফলভাবে বাস্তবায়নে নারী সমাজের অংশগ্রহণ অপরিহার্য। আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো প্রান্তিক পর্যায়ের নারীদের সচেতন করা, যাতে তারা নিজেদের অধিকার ও সরকারের উন্নয়ন সুবিধা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।" তিনি উপস্থিত সকলকে সরকারের এই কর্মসূচিগুলো নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাটিয়াচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন আক্তার, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, স্থানীয় এনজিও কর্মী এবং জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বক্তারা নিজ নিজ বক্তব্যে সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সন্নিলিত প্রচেষ্টার আহ্বান জানান। নারী সমাবেশ ও আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর একটি উদ্বুদ্ধকরণ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটি স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং সরকারের চলমান কার্যক্রম সম্পর্কে তাদের আরও স্বচ্ছ ধারণা প্রদান করে।