টাঙ্গাইলে চাঁদাবাজি, সন্ত্রাস, অবৈধ দখলদারি এবং মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার নির্দেশনায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অপরাধ প্রতিরোধে জোড়ালো প্রদক্ষেপ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অপরাধবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, ডিবি (উত্তর) ওসি এ.বি.এম. এস দোহাসহ পুলিশের অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, মহড়ার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি, সন্ত্রাস, অবৈধ দখলদারিত্ব এবং মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি। মহড়াকালীন সময়ে সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত টহল কার্যক্রম বৃদ্ধি, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকিং জোরদার এবং সন্দেহভাজন কার্যকলাপের ওপর নিবিড় নজরদারি পরিচালনা করা হয়। এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাস, অবৈধ দখলদার এবং মাদক সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে জনসাধারণকে বিশেষভাবে পুলিশ কন্ট্রোলরুম সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।