বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, মানুষ আপনাদেরকে ভালোবেসে ভোট দিয়েছেন, সাবধান নেতাকর্মীরা, একজন মানুষও যেনো কোনোভাবে হয়রানির শিকার না হয়। আমার দল বিএনপি দুষ্টের দমনে ও শিষ্টের পালনে কাজ করছে। আজ মঙ্গলবার সন্ধায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা ডাকবাংলো চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সখীপুর উপজেলা ও পৌর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
আহমেদ আযম খান আরও বলেন, বিএনপি যতোবার ক্ষমতায় এসেছে ততোবার বাংলাদেশের মানুষ স্বস্তিতে জীবন-যাপন করেছে, ততবার মানুষ গণতান্ত্রিক সমাজে বসবাস করেছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগে দেশে দুর্ভিক্ষ ছিল। চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা আমরা ভুলি নাই, তখন মানুষ-কুকুর একসঙ্গে খাবার খেত। সেই দুর্ভিক্ষপিরিত বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সমৃদ্ধ দেশে পরিণত করেছিলেন। তাঁর তিন বছরের শাসনামলকে স্বর্ণযুগ বলা হতো।
আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সংগঠনিক সম্পাদক সিকদার মুহাম্মদ সবুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বিকেলে বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের দলটির নারী সমর্থকেরাও অংশ নেন।