টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোনাবাড়ি গ্রামের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ।
কোনাবাড়ী এলাকার ব্যবসায়ী সোলায়মান হোসেন জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে পানি ও কাদা জমে যায়। ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষক ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এছাড়া অসুস্থ রোগী, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই সড়ক বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জরুরি প্রয়োজনে দ্রুত যানবাহন চলাচল সম্ভব না হওয়ায় ভোগান্তি আরও বাড়ছে বলে জানান ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয় ব্যবসায়ী শামছুল হক বলেন যানবাহন চালকদের অভিযোগ, বেহাল সড়কের কারণে অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন প্রায়ই বিকল হয়ে যাচ্ছে।
বিশেষ করে বর্ষাকালে কৃষিপণ্য বাজারে নেওয়া, স্কুল-কলেজে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে রোগীদের চিকিৎসাকেন্দ্রে নেওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় যানবাহন চলাচল করতে না পারায় স্থানীয়দের পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।
গোলাবাড়ী, কোনাবাড়ী, লোকদেও, ব্রিজপাড়সহ আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। দ্রুত সড়কটি পাঁকাকরণের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। এলাকাবাসীর আশা, দ্রুত সড়কটি নির্মাণ হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কোনাবাড়ি গ্রামের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তাটি সংস্কার করবে।