টাঙ্গাইলে মানবাধিকার রক্ষাকারী (হিউম্যান রাইটস ডিফেন্ডার), সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে "মানবাধিকার রক্ষাকারী সুরক্ষা আইন" প্রণয়নের দাবিতে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত টাঙ্গাইলের এনজিও ফোরাম মিলনায়তনে এ সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে বক্তারা বলেন, মানবাধিকার রক্ষাকারী, সাংবাদিক, নারী, যুব এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে একটি কার্যকর মানবাধিকার রক্ষাকারী সুরক্ষা আইন প্রণয়ন সময়ের দাবি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশে মানবাধিকার সংস্কৃতি বিকাশে রাষ্ট্র, নাগরিক সমাজ, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে মানবাধিকার রক্ষাকারীদের কাজের পরিবেশ নিরাপদ করা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন জরুরি।
সংলাপে মানবাধিকার সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ, স্থানীয় পর্যায়ের বাস্তবতা এবং সম্ভাব্য আইন প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
"জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বাংলাদেশে মানবাধিকার সংস্কৃতির বিকাশে নারী, যুব ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এতে সহযোগিতা করে মানব প্রগতি সংস্থা (এমপিএস)।সংলাপে উপস্থিত ছিলেন নাগরিক বার্তা-এর এজেন্ট, আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর কো-অর্ডিনেটর রোকুনুজ্জামান, মানব প্রগতি সংস্থার (এমপিএস) পরিচালক মাহমুদা বেগম শেলী, তানবীর আহমেদ, জিনিয়া, রাহিমাসহ মানবাধিকার কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবীরা।