জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ-খোদা দেওয়ানবাগী (রহ:) কর্তৃক “সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূল (সা:)-এর জন্ম ঈদ” প্রতিপাদ্যে বর্ণাঢ্য আনন্দ র্যালি, মিলাদ ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (২২ আগষ্ট) সকালে এনায়েতপুর গ্রামের আশেকে রাসুল জাকেরবৃন্দের আয়োজনে টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর দক্ষিণপাড়া আশেকে রাসুল এলাহীবক্সের বাড়ীতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ফিতা কেটে আনন্দ র্যালি উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
এসময় অন্যান্যের মধ্যে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, রূপালী ব্যাংক কালিহাতী শাখার ম্যানেজার আশেকে রাসুল মোঃ আমিনুল ইসলাম ও ঢাকা আইসিডিডিআরবি'র সিনিয়র স্টাফ নার্স আশেকে রাসুল মোঃ হাফিজুর রহমান সহ এনায়েতপুর গ্রামের কয়েক শতাধিক জাকেরবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ড. কুদরত এ-খোদা (মা. আ.) হুজুর কেবলাজানের আহ্বানে হযরত মোহাম্মদ (স:)-এর আদর্শ অনুসরণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালি পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) মানবজাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত ও আনন্দের বিষয়। তাঁর আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমেই বিশ্বে শান্তি ও মানবকল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
উদ্বোধন শেষে একটি আনন্দ র্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্থানীয় আশেকে রাসূল ও জাকেরবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ ব্যানার, ফেস্টুন ও বেলুন নিয়ে অংশগ্রহণ করেন। র্যালি শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মিলাদ ও রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।