ঢাকা | 10 September 2026

টাঙ্গাইলে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে সাত হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মো. মামুন মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 
বুধবার (৯ সে‌প্টেম্বর) দুপু‌রে ​সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. মামুন মিয়া শেরপুর জেলার শেরপুর সদর থানার চর মোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর হরিণধরা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ও পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তা‌রি ও সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

টাঙ্গাই‌লের (পি‌পি) মো. শ‌ফিকুল ইসলাম রিপন জানান, গত ১৯ মে ২০২৫ তারিখ রাতে ময়মন‌সিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়ের একটি দল এবং সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ রেইডিং টিম টাঙ্গাইলের মধুপুর থানাধীন হরিণধরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মোটরসাইকেল থামিয়ে মামুন মিয়াকে আটক করা হয়। পরে তার কাঁধে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৯টি পলিব্যাগে রাখা মোট সাত হাজার ৩৫০ পিস ইয়াবা (ওজন ৭৩৫ গ্রাম) উদ্ধার করা হয়। পরবর্তীতে রাসায়নিক পরীক্ষায় এসব ট্যাবলেটে ‘মিথাইল এমফিটামিন’ উপাদানের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

​ঘটনার পর দিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি বাদী হয়ে মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

​মামলা চলাকালীন আদালত মোট সাত জন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

​আদালতের আদেশে অপরাধে ব্যবহৃত একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল এবং দুইটি মোবাইল সেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনানুযায়ী ধ্বংস করার এবং আসামির ইতিপূর্বে হাজতবাসের সময়সীমা মূল সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ