টাঙ্গাইলে দীর্ঘ ৫ বছর পর প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার(১৬ অক্টোবর) বিকেলে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লীগে মুসলিম রেনেসাঁ বনাম পূর্বাচল ক্লাবের উদ্বোধনী ম্যাচে প্রাক্কালে প্রতিমন্ত্রী তাঁর প্রধান অতিথির বক্তব্যে বলেন, টাঙ্গাইল ক্রীড়া নগরী হিসেবে পরিচিত সারা বাংলায়। ফুটবলে একসময় টাঙ্গাইলের উল্লেখযোগ্য সংখ্যক ফুটবলাররা ঢাকার মাঠে দাপটের সাথে জাতীয় দল এবং বিভিন্ন ক্লাব দলে খেলেছে। সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে হবে। সবাইকে মাঠমুখী করতে হবে। যাতে করে মাদককে এই সমাজের সচেতন মানুষেরা না বলে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সমাজের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে মাদককে দূরে ঠেলে দিয়ে সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করছি। আমরা যদি সমূলে মাদকের বিরুদ্ধে অবস্থান নেই তাহলে মাদকমুক্ত সমাজ গঠনে সফল হবো।
তিনি আরো বলেন, টাঙ্গাইলে ক্রীড়াঙ্গনকে সচল রাখতে হবে। ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল এবং এ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় টাঙ্গাইলের খেলোয়াড়রা যাতে ভালো পারফরমেন্স করতে পারে সেদিক সবসময় সুদৃষ্টি রাখতে হবে।”
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মাহবুব হাসান, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও প্রথম বিভাগ ফুটবল লীগের সভাপতি মাহমুদুল হক সানু, সাধারণ সম্পাদক এড. আসাদুজ্জামান খান আইয়ুব, সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা শাহিন মিয়া, জেলা ক্রীড়া সংস্থার(এডহক কমিটি) সদস্য আরিফুল হক প্রিন্স, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুহাম্মদ মুক্তার আশরাফ ,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ কবির সুমন, সাবেক ফুটবলার বুলবুল হায়দার, জেলা ট্রাক মালিক সমিতির আশরাফ পাহেলী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ্ মোহাম্মদ শাফী ইথেন।
খেলায় বর্তমান চ্যাম্পিয়ন মুসলিম রেনেসাঁ ক্লাব (৩-০) গোলে পূর্বাচল ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে। গোলদাতা সাকিব, মোকলেছ ও মালেক।
দীর্ঘ ৫বছরের খরা টাঙ্গাইলের ফুটবলারদের প্রাণের চাওয়া ফুটবল লীগে অংশগ্রহন। জেলার বিভিন্ন উপজেলা থেকে টাঙ্গাইলের প্রথম বিভাগ ফুটবল লীগের অংশগ্রহন করতে প্রতিটি ফুটবলারদের প্রাণে দোল লেগেছে। তারা খুবই খুশী ফুটবল লীগে অংশগ্রহন করতে পেরে। ফুটবল লীগের সাথে ফুটবলারদের আর্থিক দিক সবসময়ই যুক্ত। এছাড়া এই ফুটবল লীগ খেলেই তাদের প্রতিভার স্ফুরন তুলে ধরা সম্ভব হয়।
এবারের জমজমাট ফুটবল লীগে ইয়ুথ ক্লাব, ভাসানী ক্লাব, উদয়ন ক্রীড়া চক্র, মুসলিম রেনেসাঁ, এলিভেন বুলেটস ভালো দল গঠন করেছে বলে জানা গেছে। আরো জানা গেছে এই ফুটবল লীগে একজন খেলোয়াড়ের পারিশ্রমিক সর্বোচ্চ ৪০ হাজার পর্যন্ত উঠেছে।
জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে শহরের ১০টি ক্লাব ৩টি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন মুসলিম রেনেসাঁ ক্লাব বনাম পূর্বাচল ক্লাব মুখোমুখি হবে।
দলগুলো হলো“ক”গ্রুপে মুসলিম রেনের্সা ক্লাব, পূর্বাচল ক্লাব, থানাপাড়া ব্যায়ামাগার ও ভাসানী ক্লাব। “খ” গ্রুপে বর্তমান রানার্সআপ ইয়ুথ ক্লাব ,আকুর টাকুর যুব সংঘ ও সাবালিয়া জুনিয়র ফুটবল ক্লাব এবং “গ” গ্রুপে উদয়ন ক্রীড়া চক্র, সাবালিয়া ক্রীড়া একাদশ ও থানাপাড়া এলিভেন বুলেটস ক্লাব। ক গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ২টি ক্লাব এবং খ ও গ গ্রুপের চ্যাম্পিয়ন দল টুর্নামেন্টের সেমিফাইনাল উঠবে।
টুর্নামেন্টের বাকী খেলা গুলো হলো ১৭ অক্টোবর আকুর টাকুর যুব সংঘ বনাম জুনিয়র ফুটবল ক্লাব, ২২ অক্টোবর উদয়ন ক্রীড়া চক্র বনাম সাবালিয়া ক্রীড়া একাদশ, ২৩ অক্টোবর থানাপাড়া ব্যায়ামাগার বনাম ভাসানীক্লাব, ২৪ অক্টোবর জুনিয়র ফুটবল ক্লাব বনাম ইয়ুথ ক্লাব, ২৫ অক্টোবর সাবালিয়া ক্রীড়া একাদশ বনাম থানাপাড়া এলিভেন বুলেটস ক্লাব, ২৬ অক্টোবর মুসলিম রেনেসাঁ বনাম থানাপাড়া ব্যায়ামাগার,২৭ অক্টোবর পূর্বাচল ক্লাব বনাম ভাসানী ক্লাব, ২৮ অক্টোবর আকুর টাকুর যুব সংঘ বনাম ইয়ুথ ক্লাব, ২৯ অক্টোবর উদয়ন ক্রীড়া চক্র বনাম থানাপাড়া এলিভেন বুলেট সক্লাব, ৩০ অক্টোবর মুসলিম রেনেসাঁ বনাম ভাসানী ক্লাব এবং ৩১ অক্টোবর পূর্বাচল ক্লাব বনাম থানাপাড়া ব্যায়ামাগার।
মুসলিম রেনেসাঁ ক্লাবঃ ইমরান, তপু, মানিক, মারুফ, রুহুল, রিফাত, মিরাজ, সাকিব(অধিনায়ক), পিয়াস, মালেক ও মোকলেছ।
পূর্বাচল ক্লাবঃ ভাগ্য, আরিফ হোসেন, সাগর, মিলন,আলামিন, মাসুম, জিসান, প্রিতম,আহাদ,রাজু ও আরিফ। রেফারীঃ রবীন খান, সহকারীঃ মহিউদ্দিন ও রনি
আজকের খেলাঃ আকুরটাকুর যুব সংঘ বনাম জুনিয়র ফুটবল ক্লাব।