দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেছেন, জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।
সোমবার (১২ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে। তবে বাংলাদেশের মানুষ অতীতেও নানা সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করেছে। তাই জাতীয় ঐক্য ধরে রেখে দেশের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশি পরিচয়কে ধারণ করে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং মানুষের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ দেশের মানুষ ধর্ম-বর্ণনির্বিশেষে মিলেমিশে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। দেশের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারের দেওয়া বরাদ্দ ও সহায়তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পূজা উদ্যাপনের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। নির্ধারিত নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুসরণ করে এসব বরাদ্দ ও সহায়তা বণ্টন করতে হবে।
সভায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মাদক বর্তমানে দেশের জন্য একটি গুরুতর সমস্যা। এ সমস্যা নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাদক নিয়ন্ত্রণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।দুর্গাপূজার সময় মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।