কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে টাঙ্গাইলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
“শিশুবিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জনাব আবু সাঈদ।
অনুষ্ঠানে কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহের ঝুঁকি থেকে তাদের রক্ষা করা এবং নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা ও তাদের মেধা-প্রতিভার বিকাশে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা সভায় কন্যাশিশুর সুরক্ষা, শিক্ষা ও সার্বিক বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা জোরদার এবং কন্যাশিশুর জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা এবং তাদের স্বপ্নপূরণের পথ সুগম করার লক্ষ্যে দিবসটি উদযাপনের মাধ্যমে সমাজে ইতিবাচক সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়।