ছবির ক্যাপশন:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দীর্ঘদিন বন্ধ থাকার পর অনুষদটিতে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরুর সুযোগ তৈরি হয়েছে।
গত ১২ নভেম্বর ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে পাঠানো এক পত্রে এ অনুমোদন দেয়া হয়। একই সঙ্গে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমোদন বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দের ও ইতিবাচক সংবাদ। অতীতের সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে অনুষদটিকে মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইউজিসির এ অনুমোদনে ক্যাম্পাসটির একাডেমিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।
তিনি আরও বলেন, আধুনিক, বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের ভেটেরিনারি শিক্ষা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। এ জন্য সিরাজগঞ্জ ক্যাম্পাসের অবকাঠামো, ল্যাবরেটরি ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য অনুষদটিকে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষদটির অনুমোদিত একাডেমিক কাঠামোয় মোট ৯টি বিভাগ বা বিভাগীয় ক্ষেত্র রয়েছে। এর আওতায় পাঁচ বছর মেয়াদি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি’ ডিগ্রি প্রদান করা হবে। ডিগ্রিটির মোট ক্রেডিট ২০০ থেকে ২২৮। ভবিষ্যতে এমএস, এমফিল ও পিএইচডি পর্যায়ের উচ্চতর গবেষণা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে অনুষদটিতে পাঁচজন শিক্ষক ও ১০ জন কর্মচারী কর্মরত আছেন।
প্রাণিসম্পদ খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়ায় ২০১৩ সালের জুন থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত একটি সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটির অবকাঠামো নির্মাণ করা হয়। ২০১৯ সালে ‘সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হয়।
পরবর্তীতে শিক্ষকসংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সৃষ্ট সেশনজটের প্রেক্ষাপটে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ অচলাবস্থা নিরসনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জুন প্রতিষ্ঠানটিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। একই বছরের ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম পরীক্ষা কার্যক্রম শুরু হয়।
বর্তমানে অনুষদটিতে দুটি ব্যাচে ৮৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। প্রথম ব্যাচের ৪৩ জন পঞ্চম বর্ষের প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় ব্যাচের ৪৪ জন চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারে রয়েছেন।
ইউজিসির এ অনুমোদনের ফলে সিরাজগঞ্জ ক্যাম্পাসে নতুন শিক্ষার্থী ভর্তির পাশাপাশি উত্তরাঞ্চলে ভেটেরিনারি শিক্ষা ও প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরির সুযোগ সম্প্রসারিত হবে। বিধি অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।