টাঙ্গাইলের দেলদুয়ারে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা দেওয়া হবে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ৬ হাজার বিঘা জমিতে সরিষা আবাদের জন্য ৬ হাজার কৃষককে বিনামূল্যে এক কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।এ ছাড়া ৫০ বিঘা জমিতে খেসারি আবাদের জন্য ৫০ জন কৃষককে আট কেজি করে খেসারির বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তার, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলামসহ কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনার এ সহায়তার মাধ্যমে রবি মৌসুমে সরিষা ও খেসারির আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।