ছবির ক্যাপশন:
টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত মো. ইউনুস মণ্ডল (২৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন ও নিহত ফুলমালা বেগমের ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলী (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, নিহত ফুলমালা বেগমের সঙ্গে তাঁর ছোট ছেলে ইউনুস মণ্ডল একই বাড়িতে বসবাস করতেন। আসামি প্রায়শই তাঁর মাকে বিভিন্ন বিষয় নিয়ে গালিগালাজ করতেন। ঘটনার দিন (২৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যার দিকে আসামি তাঁর মাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে মায়ের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর নিহত ফুলমালা বেগমের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরদিন পুলিশ আসামিকে গ্রেপ্তার করলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং তাঁর দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করা হয়। বিচার চলাকালীন অভিযোগ গঠনের সময়ও তিনি আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
পিপি আরও জানান, সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্তের রিপোর্ট এবং আসামির দোষ স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত আসামি ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে রশিতে ঝুলিয়ে তাঁর ফাঁসি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।