ঢাকা | 24 November 2026

ভালো ফলনেও স্বস্তি নেই টাঙ্গাইলের আমনচাষিদের, লোকসানের শঙ্কা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
হেমন্তের সকালে শিশিরভেজা ঘাস, হালকা কুয়াশা আর মিষ্টি রোদ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠে মাঠে পাকা ধানের সোনালি শীষ, ঘরে নতুন ধান তোলার প্রস্তুতি। অন্যদিকে খেজুরের রস সংগ্রহ এবং পিঠা-পায়েস তৈরির অপেক্ষায় গ্রামীণ জনপদ। সব মিলিয়ে টাঙ্গাইলে চলছে নবান্ন উৎসবের আমেজ। তবে সার, বীজ ও কীটনাশকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং প্রয়োজনের তুলনায় বাজারে এসব উপকরণের কৃত্রিম সংকটের কারণে কাঙ্ক্ষিত ফলন সত্ত্বেও লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষকরা।

টাঙ্গাইলের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা ধানের সোনালি শীষ দুলছে। কোথাও চলছে ধান কাটার প্রস্তুতি, আবার কোথাও নতুন ধান কেটে রোদে শুকিয়ে ঘরে তুলছেন কৃষক-কৃষাণীরা। নতুন ধান ঘরে তোলাকে ঘিরে গ্রামাঞ্চলে শুরু হয়েছে নবান্নের উৎসব।

মাঠে গিয়ে কৃষাণীদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন ধান ঘরে তুলতে কাটা থেকে শুরু করে মাড়াই ও শুকানো পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়। এত কষ্টের পরও পাকা ধানের মৌ মৌ গন্ধ তাঁদের মন ভরিয়ে দেয়। এ সময় প্রতিটি কৃষক পরিবারে বিরাজ করে আনন্দের আবহ। সারা বছরের খরচের জন্য ধান সিদ্ধ করে ঘরে তোলার পাশাপাশি কিছু ধান সিদ্ধ না করে শীতের বিভিন্ন ধরনের পিঠা তৈরির জন্য সংরক্ষণ করা হয়। শীতের শুরুতে গ্রামের বাড়িগুলোতে আত্মীয়স্বজনদের নিয়ে নানা রকম পিঠা তৈরির আয়োজন চলে। নাতি-নাতনি ও ছেলে-মেয়েদের জন্য বাহারি পিঠা তৈরি করেন পরিবারের নারীরা। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখার চেষ্টা করছেন তাঁরা।

নজরুল নামে এক কৃষক জানান, আমন ধানের চারা রোপণের পর থেকে সার ও কীটনাশক ব্যবহার করে দীর্ঘদিন পরিচর্যা করতে হয়। এরপর আসে ধান কাটার মৌসুম। মাঠের ধানের শীষ সোনালি রং ধারণ করে মৃদু বাতাসে দুলতে শুরু করলে কৃষকদের মনে আনন্দের বন্যা বয়ে যায়। এ সময় গ্রামের বাড়িতে বাড়িতে শুরু হয় নবান্নের উৎসব। নতুন ধানের পিঠা-পায়েস তৈরি করে আত্মীয়স্বজনদের দাওয়াত দেওয়া গ্রামবাংলার প্রাচীন রীতি। উৎপাদিত ধানের একাংশ বিক্রি করেন কৃষকরা, আর বাকি অংশ পরিবারের সারা বছরের খাবারের জন্য সংরক্ষণ করেন।

তবে হেমন্তের উৎসবমুখর পরিবেশের আড়ালে কৃষকদের মনে রয়েছে দুশ্চিন্তা। সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। ফলে নতুন ধান ঘরে তুলেও প্রত্যাশিত লাভ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।

কৃষক আব্দুল জলিল জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। তবে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি এবং প্রয়োজনীয় কৃষি উপকরণের কৃত্রিম সংকটের কারণে লোকসানের আশঙ্কা করছেন তিনি।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ জানান, চলতি বছর আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪ হাজার ৫৯০ হেক্টর জমিতে। তবে আবাদ হয়েছে ১ লাখ ৬ হাজার ৪০ হেক্টর জমিতে। এ ছাড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫৯০ মেট্রিক টন।

মাঠপর্যায়ের পর্যালোচনা অনুযায়ী, এ পর্যন্ত ২০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। পুরো ফসল কাটা শেষ হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ