টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি, চিকিৎসা সেবার মান এবং সস্প্রতি গৃহীত বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক তাজ উদ্দিন সিকদার, জামুর্কী ইউপি চেয়ারম্যান ডি.এ মতিন, সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদসহ অন্যরা।
এ ছাড়া সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জামুর্কীতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫১ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে জায়গা নির্ধারণ, জমি অধিগ্রহণ, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, নিরাপদ পানির ব্যবস্থা ও হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।