ঢাকা | 21 November 2026

শিক্ষার মানোন্নয়ন ও জনসেবা নিশ্চিতে টাঙ্গাইল সদর উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 21, 2026 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ জাহৃবী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসক আবু সাঈদ সহ অন্যান্য কর্মকর্তারা। ছবির ক্যাপশন: টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ জাহৃবী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসক আবু সাঈদ সহ অন্যান্য কর্মকর্তারা।
ad728
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, পরীক্ষায় স্বচ্ছতা এবং সরকারি দপ্তরগুলোতে জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিয়মিত উপজেলা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। 

​পরিদর্শনকালে জেলা প্রশাসক বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়, শাহীন স্কুল, সন্তোষ জাহ্নবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় এবং পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।  

এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষ, আঙিনা ও ওয়াশরুমসহ সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা এবং নিয়মিত পাঠদানের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।  

​দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে তিনি পোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে সার্বিক কার্যক্রমের খোঁজ নেন। এরপর উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক আন্তঃদপ্তর সমন্বয়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। এ সময় তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি তালগাছের চারাও রোপণ করেন। 

​পরবর্তীতে তিনি উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় শিক্ষার মানোন্নয়ন ও পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। 

​পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক টাঙ্গাইল পৌরসভা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় ঘুরে দেখেন এবং সেখানকার দাপ্তরিক ব্যবস্থাপনা ও সেবার মান তদারকি করেন। জেলা প্রশাসন সূত্র জানায়, শিক্ষার মানোন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ