টাঙ্গাইলের সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার আশঙ্কায় গ্রামীণ ব্যাংক পাহারা দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। গ্রামীণ ব্যাংকের মূল শাখাসহ উপজেলায় মোট নয়টি শাখা রয়েছে। বুধবার রাতব্যাপী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শাখায় বিএনপি নেতাকর্মীদের পাহারা দিতে দেখা গেছে। এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলার প্রতিমা বংকী এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের মূল শাখায় দূর থেকে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শাখা ব্যবস্থা হোক কামরুল হাসান।
গ্রামীণ ব্যাংক ও স্থানীয় বিএনপি নেতাকর্মী সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের সখীপুর উপজেলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের একটি ভিডিও বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ব্যাংকটির স্থাপনা ও অন্যান্য সম্পদ রক্ষায় রাত জেগে পাহারা দিতে থাকে।
বুধবার রাত সাড়ে দশটার দিকে প্রতিমা বংকী এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় পৌর যুবদলের সদস্য সচিব কায়সার কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এম. সালমান কবিরসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে পাহারা দিতে দেখা গেছে।
অন্যদিকে উপজেলার কালিয়া ইউনিয়নে অবস্থিত ব্যাংকটির কচুয়া শাখার সামনে ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক খোকন শিকদারসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।
কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মামুন সিকদার বলেন, দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। আমরা সন্ত্রাসীদের ষড়যন্ত্র প্রতিহত করতে এলাকার গ্রামীণ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রাত জেগে পাহারা দিচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণ ব্যাংক সখীপুর শাখার ব্যবস্থাপক মো. কামরুল হাসান বলেন, এখানে কেরোসিন ভর্তি দুটি বোতল নিক্ষেপ করা হয়েছিল। ওইগুলো দেয়ালের কাছে পড়ে নিভে গেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া উপজেলায় আমাদের অন্য কোনো শাখায় হামলার ঘটনা ঘটেনি। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে, থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তারা এখানে এসে খোঁজ খবর নিয়ে গেছেন। গতরাতে স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীও আমাদের সঙ্গে কথা বলেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরাদ হোসেন বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশি তৎপরতা ও টহল বাড়ানো হয়েছে। এ ছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও নজরদারিতে রাখা হয়েছে।