ঢাকা | 21 November 2026

বন্ধের নির্দেশের পরও মির্জাপুরে চলছে এসকেবি ইটভাটার কার্যক্রম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মির্জাপুরে ‘মেসার্স সাইজুদ্দিন এন্ড খান ব্রিকস’ (এসকেবি) নামে একটি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়ার পরও ইট পোড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযানে বন্ধের নির্দেশ দেওয়ার পরদিন থেকেই আবারও ইটভাটাটির কার্যক্রম শুরু হয়। প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই অবৈধভাবে ভাটাটি পরিচালনা করা হচ্ছে বলে দাবি তাঁদের। সরেজমিনেও ইটভাটাটির কার্যক্রম চালু থাকার সত্যতা পাওয়া গেছে।

তবে প্রশাসনের দাবি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হলেও মালিকেরা কয়েক দিন পর আবারও কার্যক্রম শুরু করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে পুনরায় ব্যবস্থা নেওয়া হয়। ‘ম্যানেজ’ করার অভিযোগ সঠিক নয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ জানুয়ারি মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় অবস্থিত মেসার্স সাইজুদ্দিন এন্ড খান ব্রিকসে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ইটভাটার কিলন ভেঙে দেওয়া, কাঁচা ইট ধ্বংস, ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ এবং ৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নওশাদ আলম।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, এসকেবি ইটভাটার ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক সড়ক সংলগ্ন ভাটার আশপাশের বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছেন। বন্ধের নির্দেশ দেওয়ার পরও কীভাবে ইটভাটাটির কার্যক্রম চলছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

থলপাড়া গ্রামের মনির হোসেন বলেন, জানুয়ারি মাসে অভিযান চালিয়ে জরিমানার পাশাপাশি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরদিন থেকেই আবারও ভাটাটির কার্যক্রম শুরু হয়। কৃষি জমি ও পরিবেশ রক্ষায় ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান তিনি।

এসকেবি ইটভাটার অংশীদার আতিকুর রহমান খান বলেন, আদালতে তাঁদের রিট করা ছিল। তবে অভিযানের সময় কাগজপত্র সঙ্গে না থাকায় জরিমানা ও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন করে হাইকোর্টে আবারও রিট করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবাই যেভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করেন, আমরাও সেভাবেই সবাইকে ম্যানেজ করে চালাই।’

টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল জানান, ওই ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এরপরও যদি ভাটার কার্যক্রম চলে, তাহলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের বৈধ কাগজপত্র না থাকলে ওই ইটভাটার বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ