‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অর্জুন দেবনাথের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
সভায় আরও বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক তাজউদ্দিন সিকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস.এম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, দপ্তর সম্পাদক হারুন অর রশিদসহ স্থানীয় খামারিরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খামারিদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গো-চারণভূমি নিশ্চিত করা, সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এসব বিষয়ে গুরুত্ব দিতে হবে।