বিভিন্ন দেশে ১৪ থেকে ১৬ বছরের ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য সেই দেশের সরকার সোস্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে। আমরা এ বিষয়টি যাচাই বাছই করবো এবং সাইবার সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে বসে চিন্তা ভাবনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো। শনিবার(৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউনিয়নের কাকরাইদে নিরাপদ পানি সরবরাহের জন্য এক লক্ষ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংক স্থাপন কাজের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদ্য গঠিত আইসিটি সুরক্ষা কমিটির আহবায়ক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের দেশে ১০ হাজার স্কুল কলেজে ডিজিটাল ল্যাব রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জামের অভাবে অধিকাংশ অকেজো অবস্থায় রয়েছে। তারপরও আমাদের কাছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাব করার প্রচুর চাহিদা রয়েছে। আগামী ৬ মাসের মধ্যে আরো দুই হাজার প্রতিষ্ঠানে এই ল্যাব স্থাপন করা হবে।
ফকির মাহবুব আনাম আরও বলেন, আমরা বেকার যুবকদেরকে প্রশিক্ষিত করার জন্য কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। যাতে করে বেকার যুবকদেরকে কারিগরি দক্ষতায় তৈরি করে বিদেশে জনশক্তি পাঠাতে পারি। সে লক্ষ্যে ইতোমধ্যে দেশের প্রতিটি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এ কার্যক্রম আরো সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন প্রমূখ।