আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি ও ভোটদানে উদ্বুদ্ধ করতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ‘আঞ্চলিক গান নিয়ে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান’। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জেলা তথ্য অফিসের উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিনিয়র তথ্য অফিসার জনাব তাহলিমা জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জনাব মো: রাশেদুল ইসলাম।
আঞ্চলিক গানের চেনা সুর আর ছন্দের মাধ্যমে নির্বাচনের গুরুত্ব ও নাগরিক অধিকারের বিষয়টি উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরা হয়। লোকজ সংস্কৃতির এই ধারাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।
টাঙ্গাইলের সিনিয়র তথ্য অফিসার জনাব তাহলিমা জান্নাত তার বক্তব্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ দিন। উৎসবমুখর পরিবেশে সকলে মিলে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। গণভোট ও সংসদ নির্বাচনে আপনাদের সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করবে।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জনাব মো: রাশেদুল ইসলাম প্রশিক্ষণার্থী ও তরুণ ভোটারদের উদ্দেশ্যে গণতন্ত্র রক্ষায় ভোটের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকগণ এবং প্রায় তিন শতাধিক প্রশিক্ষণার্থীসহ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত দর্শক ও তরুণ সমাজ এই আয়োজনের প্রশংসা করেন এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।