ঢাকা | 16 February 2026

পছন্দের প্রার্থীর জয়ে পায়েস রান্না করায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
পছন্দের প্রার্থীর জয়ে পায়েস রান্না করেছিলেন তারাফুল খাতুন।এতে ক্ষিপ্ত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক স্বামী সইবুর রহমান তার স্ত্রী তারাফুল খাতুনকে মৌখিকভাবে তালাক দেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা গ্রামে ঘটেছে এ ঘটনা। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভুক্তভোগী তারাফুল খাতুন শিবগঞ্জ উপজেলার পনের রশিয়া গ্রামের লোকমান আলীর মেয়ে। প্রায় তিন দশক আগে সইবুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে তিন সন্তান এবং দীর্ঘ ৩১ বছরের অসংখ্য সুখ-দুঃখের স্মৃতি।

স্থানীয় সূত্রে জানা যায়, সইবুর রহমান বিএনপির একজন কট্টর সমর্থক। অন্যদিকে তারাফুল খাতুন ব্যক্তিগতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি অনুরাগী। সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপি প্রার্থীর পরাজয় সইবুরকে মানসিকভাবে আঘাত করে। এর পরদিন জামায়াত প্রার্থীর বিজয় উদযাপন করতে বাড়িতে পায়েস রান্না করেন তারাফুল। এতেই ক্ষিপ্ত হয়ে রাগের মাথায় স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেন সইবুর। বর্তমানে তারাফুল ননদের বাড়িতে আশ্রয়ে রয়েছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তবে ঘটনার পর সইবুর নিজের ভুল স্বীকার করে স্ত্রীকে ফিরিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু তারাফুল সিদ্ধান্তে অনড়। তার বক্তব্য, ভোট দেওয়া নাগরিক অধিকার। এতে হস্তক্ষেপ করে স্বামী যে আচরণ করেছেন, তার পর আর তার সংসার করব না। আমি এই অপমানের সুষ্ঠু বিচার চাই।

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সৈবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৌখিকভাবে এমন তালাক অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। তবে সমাধান না হলে তারাফুলের নামে কেনা এক কাঠা জমিতে তার থাকার ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ