“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুকুর ও জলাশয়ে পরিকল্পিতভাবে মাছ চাষ এবং মৎস্যসম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্যাহ খান রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।