কামাল হোসেন
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে যমুনা নদীর চর কাটার দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় একজনকে এক বছরের কারাদণ্ড, চারজনকে চার লাখ টাকা জরিমানা এবং ৮টি মাটিকাটার এক্সেভেটর ও ৩টি ট্রাক জব্দ করা হয়। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাঁধা প্রদানের অভিযোগে মতিন নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির রহমান।
সূত্র জানায়, সিরাজগঞ্জ ও ভূঞাপুরের একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র যমুনা নদীর চর ও পাড় কেটে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলো। এতে যমুনা রেল সেতু, যমুনা সেতু ও যমুনা সেতু রক্ষা গাইড বাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সত্যতা পায় প্রশাসন। পরে একজনকে এক বছরের কারাদণ্ড, চারজনকে চার লাখ টাকা জরিমানা এবং ৮টি মাটিকাটার এক্সেভেটর ও ৩টি ট্রাক জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, বিধিমালা লঙ্ঘন করে যারা বালু উত্তোলনের সাথে সম্পৃক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।