টাঙ্গাইলের মির্জাপুরে সাফিউল ইসলাম শাকিল (২৩) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢালু থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাকিল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দেওডোবা গ্রামের সাহেব আলীর ছেলে। সে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কম্ফিট এন্ড কম্পোজিট মিল এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন বলে জানা গেছে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো শাকিল শুক্রবার সকাল নয়টার দিকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। রাত দশটার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢালুতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা নুরু মিয়া। পরে তিনি পুলিশে খবর দিলে থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। শাকিলের বাম চোখ উপড়ে ফেলে দুস্কৃতকারীরা তার অটোরিকশা ছিনতাই করে নিয়েছে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ পারভেজ জানিয়েছেন।
শাকিলের ভাই মোজাফ্ফর হোসেন জানান, শুক্রবার সকালে প্রতিদিনের মতো তার ভাই ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। দিন শেষে বাসায় না ফেরায় রাত দশটার দিকে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে তারা থানায় সাধারণ ডায়রি করেন। দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে তাদের খবর দেয় বলে তিনি জানান।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।