ঢাকা | 20 August 2026

ময়মনসিংহ মহিলা পলিটেকনিকে প্রথম ব্যাচে কম্পিউটার ও ফুড টেকনোলজিতে ১০০ ছাত্রী ভর্তির সুযোগ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ  থেকে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে ময়মনসিংহ সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে। বিভাগীয় পর্যায়ে নারীদের জন্য গুরুত্বপূর্ণ এ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফুড টেকনোলজি—এ দুটি টেকনোলজিতে ৫০ জন করে মোট ১০০ ছাত্রী ভর্তির সুযোগ পাবে।

কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংসহ নির্ধারিত শিক্ষাক্রমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম পর্বে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ২২ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন। শিক্ষাক্রমভিত্তিক বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট ভর্তি নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি-প্রক্রিয়া শেষে ১০ নভেম্বর ২০২৬ থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

আন্দোলন-সংগ্রামের পর বাস্তব রূপ পেল স্বপ্ন :

ময়মনসিংহ বিভাগীয় শহরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। প্রকল্প-সংক্রান্ত সরকারি নথি অনুযায়ী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগীয় শহরে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের প্রকল্পটি ২০১৮ সালের ১২ মার্চ একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।

ময়মনসিংহের নাগরিক সমাজের দীর্ঘ আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে বিভাগীয় শহরে প্রতিষ্ঠানটি স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় এর একাডেমিক কার্যক্রম শুরুকে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম বলেন, প্রতিষ্ঠানটি বিভাগীয় সদর থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগের খবর পাওয়ার পর নাগরিকদের পক্ষ থেকে তীব্র আন্দোলনের আলটিমেটাম দেয়া হয়। সাংবাদিক নজরুল ইসলাম নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্যোগে বিষয়টি তৎকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ে উপস্থাপন করেন।   শেষ পর্যন্ত ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের পূর্ব পাশে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।

প্রস্তুত অবকাঠামো, এবার শিক্ষার পালা :

ময়মনসিংহ সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম শুরুর জন্য ইতোমধ্যে উল্লেখযোগ্য অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) তত্ত্বাবধানে একাডেমিক ভবন, ওয়ার্কশপ ভবন, প্রশাসনিক ভবন, ২০০ আসনবিশিষ্ট ছাত্রীনিবাস, অধ্যক্ষ ভবন ও কর্মচারী কোয়ার্টার নির্মাণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল মিয়া জানান, প্রকল্পের আওতায় প্রধান ভবনগুলোর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। রাস্তা, ড্রেন, বাউন্ডারি দেয়াল, বৈদ্যুতিক সাবস্টেশনসহ অবশিষ্ট কাজও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ রয়েছে।

#নতুন অধ্যক্ষ শওকত হোসেন :

এদিকে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ শওকত হোসেনকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নবনিযুক্ত অধ্যক্ষ মোঃ শওকত হোসেন বলেন, চলতি বছর দুটি আধুনিক প্রযুক্তিতে প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির একাডেমিক যাত্রা শুরু হচ্ছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ফুড টেকনোলজিতে ৫০ জন করে মোট ১০০ ছাত্রী ভর্তি করা হবে। একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 নারীদের কারিগরি শিক্ষায় নতুন সম্ভাবনা:

কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টরা বলছেন, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার ফলে ময়মনসিংহসহ বৃহত্তর অঞ্চলের নারী শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। বিশেষ করে কম্পিউটার প্রযুক্তি ও খাদ্যপ্রযুক্তির মতো কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত হয়ে শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

কারিগরি শিক্ষা খাতের সরকারি পরিকল্পনাতেও নারীদের কারিগরি শিক্ষায় অধিকতর সম্পৃক্ত করা, দক্ষ ও কর্মযোগ্য মানবসম্পদ তৈরি এবং পরিবর্তনশীল দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ময়মনসিংহ বিএনপির সিনিয়র নেতা কাজী রানা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত কাজ দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর প্রথমবারের মতো ছাত্রী ভর্তি শুরু হওয়ায় ময়মনসিংহের নারী শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হলো।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর বাস্তব রূপ পাওয়া ময়মনসিংহ সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট শুধু একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি ময়মনসিংহ বিভাগের নারী শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর, দক্ষ ও কর্মমুখী শিক্ষায় যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রথম ব্যাচের ভর্তি ও একাডেমিক কার্যক্রম সফলভাবে শুরু হলে ভবিষ্যতে আরও প্রযুক্তি ও আসনসংখ্যা সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের নারী কারিগরি শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হতে পারে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ