শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আমরা যদি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে সবার আগে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। গত ১৮ বছরে শিক্ষার মান নিচে নেমে গেছে। বিগত সরকারের পক্ষ থেকে স্কুলে-স্কুলে চিঠি দেওয়া হতো, পরীক্ষা যাই হোক, ফলাফল যেনো ৯৯ শতাংশ পাস হয়। বিগত সরকার শিক্ষাকে এভাবে ধ্বংস করে দিয়েছে। কিন্তু বর্তমান সরকার মনে করে- একটি জাতির সকল সমৃদ্ধির মূল সোপান হলো শিক্ষার সমৃদ্ধি।
শিক্ষকদের উদ্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান বলেন, অতীতে কি হয়েছে আমরা সেদিকে তাকাতে চাইনা, জানি শিক্ষকদের এখনও দরিদ্রতা আছে, দেশটা তো গরিব, বাংলাদেশ তো গরিব থাকবার কথা নয়, ১৮ বছরে তিল তিল করে দেশটাকে গরিব করা হয়েছে। তা না হলে আপনারা তো মানুষ গড়বার কারিগর, আপনাদের তো পর্যাপ্ত বেতন দেওয়ার কোনো সমস্যা ছিল না। কিন্তু এমনভাবে দেশটাকে দরিদ্র করে রেখে গেছে, আমাদের এই সরকার ইচ্ছে করলেও—এই মুহূর্তে হয়তো আপনাদের পর্যাপ্ত বেতন দিতে পারছেনা। তবে আমরা কথা দিচ্ছি, প্রধানমন্ত্রীর ভাবনা আছে, অর্থনীতি একটু সাবলম্বী হলেই শিক্ষকদের বেতন ওভাবেই পর্যাপ্ত বাড়ানো হবে।
শিক্ষকদের পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দেখেছি— যেসব শিক্ষকেরা নিজে বাসায় পড়াশোনা করে শ্রেণিকক্ষে আসতেন, তাঁরা এমনভাবে পড়াতেন, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শোনতেন, আর যেসব শিক্ষক পড়াশোনা করে আসতেন না, তাঁরা নানা ধরনের গাল-গল্প করে সময়ের ঘণ্টার দিকে তাকিয়ে অপেক্ষায় থাকতেন। তাই আপনাদের কাছে অনুরোধ, নিজেরা পড়াশোনায় মনোনিবেশ করুন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করান। এ সময় তিনি মাসিক ও ত্রৈমাসিক অভিভাবক সমাবেশের প্রতিও গুরুত্বারোপ করেন।
শিক্ষার গুণগত মানোন্নয়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম, সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম মামুনুর রশীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।