টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে সোহাগ (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার প্রতিমা বংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাহাড়পাবইজান গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি সখীপুর উপজেলার প্রতিমা বংকী এলাকায় একটি কলা বাগানে দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলা বাগানে কাজ শেষে খাবার খেতে যাওয়ার পথে অসাবধানতাবশত রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসছেন। তাঁদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।