ঢাকা | 18 August 2026

সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসী জামাল উদ্দিন মারা গেছেন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 18, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে অসুস্থতার কারণে স্ত্রী-সন্তানদের মাধ্যমে রাস্তায় ফেলে যাওয়া প্রবাসী জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। সোমবার বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জামাল উদ্দিনের ভাতিজি জামাই শাহ আলম বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে জামাল উদ্দিন প্রায় ১৪ বছর আগে পৈতৃক ভিটাসহ সম্পত্তি বিক্রি করে স্ত্রী রিনা আক্তারের সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে দীর্ঘ ১০ বছর তিনি সৌদি আরবে ছিলেন। 

স্থানীয়রা জানান, প্রবাসজীবনের উপার্জিত সব টাকা জামাল স্ত্রী-সন্তানের কাছে পাঠিয়েছেন। মাস চারেক আগে দেশে ফিরে স্ত্রীর নানান অপকর্ম তাঁর কাছে ধরা পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদের একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের ছাড়াছাড়ি হয়। পরে জামাল তাঁর ছেলে আবু রায়হানের সঙ্গে গাজীপুরে বসবাস করতে থাকেন। সেখানে তাঁর কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যা ধরা পড়ে। 

একদিকে শারীরিক অবস্থার অবনতি অন্যদিকে স্ত্রী তাঁকে পুনরায় গ্রহণ করতে অস্বীকৃতি জানালে একটি গাড়িতে করে অসুস্থ জামালকে সখীপুরে বাবার বাড়িতে পাঠানো হয়। গত ১ আগস্ট রাতে অসুস্থ জামালকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামে তাঁর পৈতৃক বাড়ির সামনে ফেলে রেখে গাড়ি চালক সটকে পড়েন।‌ পরের দিন (২ আগস্ট) রোববার দি‌নের বেলায় ফে‌লে যাওয়ার বিষয়‌টি সবার নজ‌রে আসে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে "অসুস্থতার কাছে হার মানল পারিবারিক বন্ধন: পথে ফেলে গেল স্বজন" শিরোনামে আজকের পত্রিকাসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে বিষয়টি আলোচনায় আসে। 

সোমবার (১৭ আগস্ট) জামাল উদ্দিনের ভাতিজি জামাই শাহ আলম বলেন, রাস্তা থেকে আমার চাচা শ্বশুর জামাল উদ্দিনকে উদ্ধারের পর  এতদিন আমার বাড়িতেই ছিলেন। পরে স্থানীয়দের আর্থিক সহযোগিতায় কিছু চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু ওই চিকিৎসা পর্যাপ্ত ছিল না। মূলত তাঁর কিডনিজনিত জটিল রোগ ছিল। চিকিৎসার জন্য লাখ লাখ টাকার প্রয়োজন ছিল। আমরা গরিব মানুষ এত টাকা কোথায় পাবো! 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শাহ আলম আরও বলেন, সোমবার দুপুরে জামাল উদ্দিন সঙ্কটাপন্ন অবস্থায় চলে যান। আমরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যার মধ্যেই তাঁর (জামাল) জানাজা ও দাফনের কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি চলছে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ