ঢাকা | 03 March 2026

সখীপুরে সাবেক এমপি আ.লীগ নেতা ভিপি জোয়াহেরের জানাজা সম্পন্ন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ভারতের কোলকাতায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (৭০) জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় টাঙ্গাইল আদালত চত্বর (হেলিপ্যাড) মাঠে এবং বিকেল ৩টায় সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানেই তাঁকে দাফন করা হয়। এর আগে বেলা ১টা ৩০ মিনিটের দিকে জোয়াহেরুলের গ্রামের বাড়িতে এসে টাঙ্গাইল সদর উপজেলা সরকারী কমিশনার (ভূমি) তৌফিক ইসলামের নেতৃত্বে পুলিশ রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করে। 

সখীপুরে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত জানাজা নামাজের আগে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম), হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ইদ্রিস শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, সুলতান শরীফ পান্না, জাহাঙ্গীর তারেক, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
 
প্রবীণ এই আওয়ামী লীগ নেতার পারিবারিক সূত্র জানায়, রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে বিশেষ অনুমতিতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে মরদেহ বেনাপোল চেকপোস্টে পৌঁছে। এ সময় পরিবারের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। মরদেহ সীমান্তে পৌঁছালে তাঁকে দেখার জন্যে উৎসুক মানুষের ভিড় জমে। তবে নিরাপত্তাজনিত কারণে দ্রুত চেকপোস্ট ত্যাগ করে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করে। মরদেহের সঙ্গে থাকা জোয়াহেরুল ইসলামের ভাগনে রনি আহমেদ বলেন, আমরা বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছালে বিশেষ ট্রাভেল পারমিটের কাগজপত্র দেখে পুলিশ মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি দেশে ঢোকার অনুমতি দেয়।

উল্লেখ্য, জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালের নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২১ সালে তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। তবে মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছিলেন জোয়াহের। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রাচ্যের আলিগড়খ্যাত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে তিনি ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এ কারণে তৃণমূলের নেতা-কর্মীদের কাছে তিনি ভিপি জোয়াহের নামেই বেশি পরিচিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অবৈধ পথে ভারতে আত্মগোপন করেন জোয়াহেরুল ইসলাম। কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন তিনি। পরে তাঁর স্ত্রী চিকিৎসা ভিসা নিয়ে ভারতে চলে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। গত ১৯ ফেব্রুয়ারি শারীরিক নানা জটিলতা নিয়ে কলকাতার দমদম এলাকার ফনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শেষের দিকে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। ২৭ ফেব্রুয়ারি রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ