টাঙ্গাইলের সখীপুরে পেছন থেকে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ব্যাটারিচালিত এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটো ভ্যানচালকের নাম ফেরদৌস (২৫)। তিনি উপজেলার শোলাপ্রতিমা গ্রামের নজরুল ইসলামের বাক প্রতিবন্ধী ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাক প্রতিবন্ধী ফেরদৌস তাঁর অটোভ্যানগাড়ি নিয়ে সখীপুরের দিকে আসছিলেন। সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়াম এলাকায় পৌঁছলে বেপরোয়া গতির সিএনজিচালিত একটি অটোরিকশা পেছন থেকে তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ফেরদৌস ভ্যানগাড়ি থেকে ছিটকে পড়ে সড়কের পাশে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।